ফটিকছড়িতে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধীর মরদেহ
ফটিকছড়ি প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজের দুই দিন পর ফারুক উদ্দিন (৫০) নামে এক দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধী ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার জাফতনগর ইউনিয়নের মুফতি বাড়ির সামনের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। পরে তার পরিচয় শনাক্ত করা হয়। ফারুক উদ্দিন ওই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, বুধবার (১৪ অক্টোবর) রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ফারুক উদ্দিন। এরপর স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। অবশেষে শুক্রবার বাড়ির সামনের পুকুরে তার মরদেহ পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জাফতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন জিয়া জানান, ফারুক উদ্দিন দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধী ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পুলিশের অনুমতি নিয়ে মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













