Cvoice24.com

উখিয়ায় গামছায় মোড়ানো পোটলায় ৫০ হাজার ইয়াবা, আটক ১

১৪:৫১, ১৬ অক্টোবর ২০২৬
উখিয়ায় গামছায় মোড়ানো পোটলায় ৫০ হাজার ইয়াবা, আটক ১

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ নবী হোসেন (২৮) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে পালংখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক নবী হোসেন উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের বাসিন্দা। তিনি মো. কাসেমের ছেলে।

শুক্রবার দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে ৬৪ বিজিবির অধীনস্থ পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী সাইদুল বাশারের ঘেরের দক্ষিণ পাশে বেড়িবাঁধের ওপর দিয়ে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে গামছায় মোড়ানো পোটলা হাতে প্রবেশ করতে দেখে টহল দলের সদস্যদের সন্দেহ হয়।

পরে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় টহল দলের সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। পরে তার হাতে থাকা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের পাঁচ কার্টনে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি অধিনায়কের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে জানিয়েছেন।

লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম আরও জানান, আটক ব্যক্তিকে ইয়াবাসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।