চন্দনাইশে মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ
চন্দনাইশ প্রতিনিধি
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দফায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত গাছবাড়িয়া পুরাতন কলেজ গেট ও নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কুল মার্কেট এলাকায় এ অভিযান চালানো হয়।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। এর আগে গত ৭ অক্টোবর একই এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল।
অভিযানে নেতৃত্ব দেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা। এ সময় চন্দনাইশ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, থানা-পুলিশ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশের ফুটপাত দখল করে বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে তোলায় পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছিল। পাশাপাশি যানজট ও দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল। এসব স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযানে স্বস্তি ফিরেছে বলে জানান তাঁরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা বলেন, সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদের নির্দেশনা অনুযায়ী মহাসড়ক দখলমুক্ত করতে দ্বিতীয় দফায় অভিযান চালানো হয়েছে। মহাসড়কের জায়গা অবৈধভাবে দখল করে কিছু ব্যবসায়ী স্থাপনা গড়ে তুলেছিলেন। অভিযান চালিয়ে সেগুলো উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













