Cvoice24.com

চিত্রসাংবাদিক বাবু ছিলেন সৎ, সাহসী ও নিবেদিতপ্রাণ: মেয়র শাহাদাত

সিভয়েস২৪ প্রতিবেদক
১২:১০, ১৪ অক্টোবর ২০২৬
চিত্রসাংবাদিক বাবু ছিলেন সৎ, সাহসী ও নিবেদিতপ্রাণ: মেয়র শাহাদাত

চিত্রসাংবাদিক শামসুল আলম বাবু ক্যামেরার পেছনে থেকে সবসময় সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে বস্তুনিষ্ঠ কাজ করে গেছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রামের কার্যালয়ে সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ চিত্রসাংবাদিক মরহুম শামসুল আলম বাবুর স্মরণে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র শাহাদাত হোসেন বলেন, শামসুল আলম বাবু ছিলেন অত্যন্ত সৎ, সাহসী ও নিবেদিতপ্রাণ একজন মানুষ। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের ঐক্য, স্বার্থ ও অধিকার আদায়েও তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। দায়িত্ব পালন করতে গিয়ে তিনি আহতও হয়েছিলেন। তার মতো একজন পেশাদার ও সহমর্মী চিত্রসাংবাদিককে হারিয়ে চট্টগ্রামের গণমাধ্যম অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

টিসিজেএ সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চ্যানেল আই চট্টগ্রাম অফিসের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, মহানগরের জামাল খান ওয়ার্ড বিএনপির সদস্যসচিব দিদারুল ইসলাম এবং নিউজ টোয়েন্টিফোর চট্টগ্রাম অফিসের জ্যেষ্ঠ প্রতিবেদক নয়ন বড়ুয়া জয়।

স্মরণসভায় বক্তব্য দেন টিসিজেএর সাবেক সভাপতি শফিক আহমেদ সাজিব, আলী আকবর, মোহাম্মদ আলমগীর, সুমন গোস্বামী, মোহাম্মদ মনসুর, হারুন উর রশিদ ও নবাব মিয়া। তারা শামসুল আলম বাবুর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার পেশাগত নিষ্ঠা, সাহসিকতা ও সাংগঠনিক অবদানের কথা স্মরণ করেন।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রাজপথে ঝুঁকি কিংবা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হলেও শামসুল আলম বাবু নীতি ও আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি। তরুণ ও নবীন চিত্রসাংবাদিকদের কাজ শেখানো এবং পেশাগত দিকনির্দেশনা দেওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন অভিভাবকের মতো। সাংগঠনিক দক্ষতার পাশাপাশি সহকর্মীদের যেকোনো বিপদে-আপদে সবার আগে এগিয়ে আসতেন তিনি।

তারা আরও বলেন, চট্টগ্রামের গণমাধ্যম অঙ্গনে শামসুল আলম বাবুর অবদান সহকর্মীরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন। তার সততা, সাহসিকতা ও সহকর্মীদের প্রতি দায়িত্ববোধ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

আলোচনা ও স্মৃতিচারণ শেষে মরহুম শামসুল আলম বাবুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ আহম্মদ উল্লাহ। এ সময় মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের শোক সহ্য করার শক্তি কামনা করা হয়।

দোয়া মাহফিলে টিসিজেএর কার্যনির্বাহী কমিটির সদস্য, সংগঠনের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর