চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের চন্দনাইশে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্ভাব্য উপকারভোগী ও তথ্য সংগ্রহকারীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ বলেন, ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি যুগান্তকারী ও মানবিক উদ্যোগ। সরকারের সেবা থেকে দেশের কোনো পরিবার যাতে বঞ্চিত না থাকে, সেই লক্ষ্যেই প্রতিটি পরিবারের জন্য একটি করে কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, আগে বিভিন্ন ভাতা ও সরকারি সহায়তা পেতে মানুষকে নানা জায়গায় ঘুরতে হতো। ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারগুলো খাদ্যনিরাপত্তা, ভাতা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পাবে বলে আশা করা হচ্ছে। এটি জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের অন্যতম পদক্ষেপ বলেও উল্লেখ করেন তিনি।
তথ্য সংগ্রহকারীদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি কিংবা দলীয় বিবেচনা করা যাবে না। প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবারগুলো যাতে কার্ডের আওতায় আসে, তা নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. আবদুর রহমান বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়িত হলে সরকারি সেবা প্রদান আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














