খেজুরে তেল, খাবার তৈরিতে অনিয়ম— ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রামে খেজুরে তেল মিশিয়ে বাজারজাত ও খাবার তৈরিতে অনিয়মসহ বিভিন্ন অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসব অপরাধে প্রতিষ্ঠানগুলোকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নগরের ফলমন্ডি ও স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে এসব অনিয়মের প্রমাণ পায় অধিদপ্তর। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিককে আর্থিক জরিমানা করা হয়।
অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং কেনাবেচার ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় মেসার্স আল্লাহওয়ালা এন্টারপ্রাইজ ও মেসার্স এন্ড ব্রাদার্সকে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মেসার্স রাউজান এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মোড়কজাতকরণ বিধি অনুসরণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর সংরক্ষণ এবং খেজুরের গায়ে তেল মিশিয়ে প্যাকেটজাত ও বাজারজাত করার দায়ে তুহিন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, খাবার রান্নায় কাশ্মীরি মরিচ ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাত করার দায়ে দেওয়ানহাট এলাকার তায়েফ রেস্তোরাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, বাজার তদারকির সময় বিভিন্ন প্রতিষ্ঠানে এসব অনিয়ম পাওয়া গেছে। অপরাধের দায়ে প্রতিষ্ঠানগুলোর মালিককে জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে।
তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় বাজারে অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














