আনোয়ারায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর নিথর দেহ
প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের আনোয়ারায় নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুর থেকে মো. হোসাইন নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর পরুয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে স্থানীয় বাসিন্দারা মরদেহটি উদ্ধার করেন।
নিহত হোসাইন ওই এলাকার রমজান আলী হাজীর বাড়ির আব্দুর রহিমের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (১১ অক্টোবর) বিকেলে বাড়ির পাশে সমবয়সী শিশুদের সঙ্গে খেলছিল হোসাইন। ছেলেকে খেলতে দেখে মা ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েন। সন্ধ্যা গড়িয়ে গেলেও হোসাইন বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে এলাকায় মাইকিং করেও তার সন্ধান পাওয়া যায়নি।
ছেলেকে খুঁজে না পেয়ে রবিবার রাত ৯টার দিকে আনোয়ারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বাবা আব্দুর রহিম। সোমবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে পানি আনতে গিয়ে কয়েকজন নারী পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন। পরে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা মরদেহটি উদ্ধার করেন।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটি সাঁতার জানত না। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














