Cvoice24.com

হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৩৮তম ওরস আজ 

ফটিকছড়ি প্রতিনিধি, সিভয়েস২৪
১২:১৮, ১১ অক্টোবর ২০২৬
হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৩৮তম ওরস আজ 

বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৩৮তম ২৬ আশ্বিন ওরস শরিফ চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার শরিফের ‘দরবার-ই গাউসুল আযম মাইজভাণ্ডারী’র গাউসিয়া হক মঞ্জিলে মহাসমারোহে উদযাপিত হচ্ছে।

রবিবার (১১ অক্টোবর) বাদ ফজর রওজা শরিফ গোসল ও গিলাফ চড়ানোর মধ্য দিয়ে ওরস শরিফের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাত ১০টায় অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় আলোচনা ও মিলাদ মাহফিল। 

এতে আখেরি মোনাজাত পরিচালনা করবেন গাউসুল আযম মাইজভাণ্ডারীর প্র-প্রপৌত্র, গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন ও আওলাদে রাসূল হযরত আল্লামা শাহ্সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)।

ওরস শরিফ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ওরস এন্তেজামিয়া কমিটি সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের সঙ্গে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশ-বিদেশ থেকে আগত আশেক-ভক্ত ও জায়েরিনদের সুবিধার্থে গাড়ি পার্কিং, যানবাহন নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন এবং মঞ্জিলের স্বেচ্ছাসেবক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।

ওরস শরিফ উপলক্ষে ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট’-এর উদ্যোগে আট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে ফটিকছড়ি উপজেলার এতিমখানার শিক্ষার্থীদের জন্য একবেলা খাবারের ব্যবস্থা, উপদেশ ও দিকনির্দেশনামূলক প্রচার, চট্টগ্রাম মহানগরের মুরাদপুর থেকে দরবার শরিফের গেট পর্যন্ত বিআরটিসির দিনব্যাপী বাস সার্ভিস চালু, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ এবং অস্থায়ী শৌচাগারের ব্যবস্থা। এ ছাড়া রওজা শরিফের মাঠ থেকে শান-ই আহমদিয়া গেট পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্য দিয়ে আট দিনব্যাপী কর্মসূচি শেষ হবে।

এদিকে ওরস শরিফে অংশ নিতে গত তিন দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আশেক-ভক্তরা মাইজভাণ্ডার শরিফে আসছেন। তাদের পদচারণায় ইতোমধ্যে মুখর হয়ে উঠেছে দরবার শরিফ এলাকা।

সরেজমিনে দেখা যায়, গরু, মহিষ ও ছাগলসহ হাদিয়া নিয়ে মিছিল করে দলে দলে ওরস শরিফে অংশ নিচ্ছেন আশেক-ভক্তরা। রওজা শরিফে চলছে মিলাদ-কিয়াম, জিকির-আজকার ও কোরআন তিলাওয়াত। অন্যদিকে বিভিন্ন ক্যাম্পে চলছে ঢোল-বাদ্য, সামা মাহফিল ও মাইজভাণ্ডারি গানের পরিবেশনা।

সব মিলিয়ে ওরস শরিফকে ঘিরে মাইজভাণ্ডার শরিফে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। মহান ওরস শরিফের ফয়েজ ও বরকত লাভের আশায় দেশ-বিদেশ থেকে আগত আশেক-ভক্তরা বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর