Cvoice24.com

লাইসেন্স ছাড়া ১২০ টন সরকারি গম মজুত

সিভয়েস২৪ প্রতিবেদক
১৩:৫৬, ১১ অক্টোবর ২০২৬
লাইসেন্স ছাড়া ১২০ টন সরকারি গম মজুত

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানার নাসিরাবাদ এলাকায় লাইসেন্স ছাড়া সরকারি খাদ্য অধিদপ্তরের ১২০ দশমিক ০৫ টন (১ লাখ ২০ হাজার ৫০ কেজি)  লাল গম মজুতের দায়ে ‘ইউনাইটেড ফ্লাওয়ার্স মিল’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় প্রতিষ্ঠানটিতে যৌথ অভিযান চালিয়ে এসব গম জব্দ করা হয়।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭) চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

অভিযানে প্রতিষ্ঠানটির লাইসেন্স ছাড়া সরকারি খাদ্যশস্য মজুত এবং নিয়মবহির্ভূতভাবে ব্যবসা পরিচালনার বিষয়টি উঠে আসে। এ সময় ১ লাখ ২০ হাজার ৫০ কেজি লাল গম জব্দ করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানার অর্থ আদায় এবং জব্দ করা গমের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মোসলেহ উদ্দিন আহমেদ।

এসআরবি-৭ জানায়, সরকারি খাদ্যশস্যের অবৈধ মজুত ও নিয়মবহির্ভূত ব্যবসা প্রতিরোধে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর