Cvoice24.com

সাজেক সড়কে অবরোধ, আটকা প্রায় ২ হাজার পর্যটক

রাঙামাটি প্রতিনিধি
১৭:০২, ১১ অক্টোবর ২০২৬
সাজেক সড়কে অবরোধ, আটকা প্রায় ২ হাজার পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে অবরোধের কারণে গঙ্গারাম উজো বাজার এলাকায় আটকা পড়েছেন দুই দিকের পর্যটকেরা। সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে আসা এবং খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশে যাওয়া পর্যটকবাহী গাড়িবহর আটকে পড়েছে।

রোববার সকাল থেকে সাজেকে জেএসএসের পরিচয়ে একদল সন্ত্রাসী অবস্থান করছে—এমন অভিযোগ তুলে তাদের সরানোর দাবিতে সাজেক সড়কে অবরোধের ডাক দেয় সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি।

অবরোধের কারণে সকালে সাজেকে যাতায়াতের নিয়মিত স্কর্ট বাতিল করা হয়। পরে দুপুর ২টায় বিশেষ স্কর্টের মাধ্যমে খাগড়াছড়ি থেকে পর্যটকদের গাড়িবহর সাজেকের উদ্দেশে ছেড়ে যায়। একই দিন দুপুর আড়াইটায় সাজেকে অবস্থানরত পর্যটকদের নিয়ে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হয় আরেকটি গাড়িবহর। পথে গঙ্গারাম উজো বাজার এলাকায় অবরোধকারীরা অবস্থান নেওয়ায় দুই দিকের পর্যটকবাহী গাড়িবহর আটকা পড়ে।

প্রতিবেদন লেখা পর্যন্ত পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে কাজ করছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

খাগড়াছড়ি থেকে সাজেকে চলাচলকারী জিপগাড়ির লাইনম্যান সৈকত চাকমা বলেন, খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশে ৫৮টি চাঁদের গাড়িসহ (জিপ) শতাধিক পরিবহন ছেড়ে গেছে। এসব পরিবহনে প্রায় ১ হাজার ২০০ পর্যটক রয়েছেন।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন, অবরোধের কারণে নিয়মিত স্কর্টের পরিবর্তে বিশেষ স্কর্টের মাধ্যমে দুপুর আড়াইটায় পর্যটকেরা সাজেক ছেড়েছেন। অন্যদিকে প্রায় এক হাজার পর্যটক সাজেকে প্রবেশের উদ্দেশে রওনা দিয়েছেন।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, সাজেক থেকে পর্যটকবাহী গাড়ি খাগড়াছড়ির উদ্দেশে রওনা হয়েছে। পথে গঙ্গারাম বাজার এলাকায় অবরোধকারীরা অবস্থান করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

পাহাড় সব খবর