Cvoice24.com

দীঘিনালায় ২৩০৫ কৃষক পরিবারের জন্য ‘কৃষক কার্ড’ 

দীঘিনালা প্রতিনিধি, সিভয়েস২৪
১৭:৩৮, ২ অক্টোবর ২০২৬
দীঘিনালায় ২৩০৫ কৃষক পরিবারের জন্য ‘কৃষক কার্ড’ 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নে ২ হাজার ৩০৫ কৃষক পরিবারের জন্য ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ছোট মেরুং উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ফেনীর ফুলগাজী উপজেলা থেকে অনুষ্ঠানে যুক্ত হন।

আয়োজকেরা জানান, বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে ‘কৃষক কার্ড’ কার্যক্রম চালু করা হয়েছে। এর মাধ্যমে কৃষকদের সরকারি কৃষিসেবা ও সহায়তা সহজে এবং সরাসরি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোর্তজা আলী খান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নাছির উদ্দীন চৌধুরী, জেলা পরিষদের সদস্য মো. মোশারফ হোসেন, সদস্য এম এ আফসার ও সদস্য অ্যাডভোকেট মালেক মিন্টু।

এ ছাড়া দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, পাঁচ ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারিয়া সুলতানা। সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুজ্জামান সুমন।

সংশ্লিষ্টরা জানান, ‘কৃষক কার্ডের’ মাধ্যমে পর্যায়ক্রমে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, কৃষিঋণ এবং প্রশিক্ষণসহ বিভিন্ন সেবা পাওয়ার সুযোগ থাকবে। পাশাপাশি কৃষক কার্ডের আওতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন সরকারি সেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।