Cvoice24.com

ফটিকছড়িতে মন্দিরে চুরি, গ্রেপ্তার ৪

ফটিকছড়ি প্রতিনিধি, সিভয়েস২৪
১৫:০২, ১ অক্টোবর ২০২৬
ফটিকছড়িতে মন্দিরে চুরি, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের ফটিকছড়িতে দুটি মন্দিরে চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিনাজুরি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— রুহুল, ইউসুফ, শাহাবুদ্দিন ও হাশেম। তাদের কাছ থেকে মন্দিরের চুরি যাওয়া বিভিন্ন পূজার সামগ্রী উদ্ধার করা হয়েছে। তবে চুরি যাওয়া স্বর্ণালংকার এখনো উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর দিবাগত রাতে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর বণিকপাড়ার শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মন্দিরে চুরির ঘটনা ঘটে। রাতে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে তিনটি ঘট, ঘটের সঙ্গে থাকা তিনটি স্বর্ণের চেইন ও তিনটি স্বর্ণের লকেটসহ বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে যায়।

এর আগে, গত ২১ সেপ্টেম্বর রাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া ব্রাহ্মণ সড়ক এলাকায় মগধেশ্বরী মায়ের বিগ্রহ মন্দিরেও চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙে প্রতিমার গহনা, পূজার সামগ্রী ও দানবাক্সের প্রণামীর টাকা নিয়ে যায়। এ ঘটনায় মন্দিরের সভাপতি পরেশ কুমার থানায় অভিযোগ করেন।

পরপর দুটি মন্দিরে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে পুলিশ চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে বিনাজুরি এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে চুরি যাওয়া বিভিন্ন পূজার সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, সুন্দরপুর ও লেলাংয়ের মন্দিরে চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি যাওয়া মালামালের একটি অংশ উদ্ধার করা হয়েছে। তবে স্বর্ণালংকার এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। সেগুলো উদ্ধারে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।