কেমন ছেলে পছন্দ প্রভার? জানালেন নিজেই
বিনোদন ডেস্ক
পর্দায় এখন খুব একটা নিয়মিত দেখা যায় না অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। নিজের নানা ভাবনা, অভিজ্ঞতা ও ব্যক্তিগত জীবনের গল্প শেয়ার করে অনুসারীদের সঙ্গে যোগাযোগ ধরে রেখেছেন তিনি।
সম্প্রতি একটি পডকাস্টে ব্যক্তিগত পছন্দ ও বেড়ে ওঠার সময়কার নানা অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন প্রভা। সেখানেই জানিয়েছেন, একটা সময় গরিব ছেলেদেরই পছন্দ করতেন তিনি।
নিজের পছন্দের প্রসঙ্গ উঠলে প্রভা বলেন, ‘আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল এক সময়। আমাকে অভাবের কথা বললে, না খেয়ে ছিলাম, কষ্টে বড় হয়েছি—বাবা, ভাই-বোনদের এভাবে মানুষ করেছে। মিথ্যা কথা, এটা আরও বেশি দুষ্টু হয়।’
শুধু ব্যক্তিগত পছন্দ নয়, নিজের বেড়ে ওঠার সময়কার স্বভাব নিয়েও কথা বলেছেন এই অভিনেত্রী। তার ভাষায়, একটা সময় তিনি খুবই ‘আল্মাদী’ ছিলেন। এমনকি ঠিকমতো কথা বলতেও পারতেন না।
প্রভা বলেন, ‘এত কিউট হয়ে আমতা আমতা করে কথা বলতাম। কথা অর্ধেক বোঝা যেত।’
ছোটবেলা থেকে পরিবারের পাশাপাশি আত্মীয়স্বজন এবং পরিচিতদের কাছ থেকেও অনেক আদর পেয়েছেন বলে জানান প্রভা। এমনকি বড় হওয়ার সময় বন্ধুদের বাবা-মায়ের কাছ থেকেও ভালোবাসা পেয়েছেন তিনি।
তার মতে, এই অতিরিক্ত আদরের কারণেই তার পরিণত বোধ বা ম্যাচিউরিটি কিছুটা দেরিতে এসেছে। অভিনয়ে আসার পরই ধীরে ধীরে স্পষ্টভাবে কথা বলতে শেখেন তিনি।
পর্দায় অনিয়মিত হলেও অভিনয় থেকে পুরোপুরি দূরে নেই প্রভা। সম্প্রতি দুটি নতুন সিনেমায় যুক্ত হয়েছেন তিনি।
এর মধ্যে সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’ সিনেমার বেশির ভাগ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি অংশের শুটিং এ সপ্তাহে হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে প্রভার হাতে রয়েছে ‘দুই পয়সার মানুষ’ সিনেমাটিও। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।
তাই পর্দায় প্রভাকে নিয়মিত দেখা না গেলেও নতুন দুই সিনেমা নিয়ে আবারও দর্শকদের সামনে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।
বিনোদন সব খবর















