ফটিকছড়িতে চুরি-ছিনতাইয়ের হিড়িক, এবার মন্দিরে স্বর্ণালংকার লুট
ফটিকছড়ি প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের ফটিকছড়িতে সাম্প্রতিক সময়ে একের পর এক চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় উদ্বেগ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। এর মধ্যেই এবার একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। মন্দির থেকে পূজার সামগ্রীর পাশাপাশি তিনটি ঘটের সঙ্গে থাকা স্বর্ণের চেইন ও লকেট নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর বণিকপাড়ার মঙ্গলচণ্ডী মন্দিরে এ চুরির ঘটনা ঘটে।
মন্দির কমিটি সূত্রে জানা গেছে, রাতে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে পূজার বিভিন্ন সামগ্রী, তিনটি ঘট এবং ঘটের সঙ্গে থাকা তিনটি স্বর্ণের চেইন ও তিনটি স্বর্ণের লকেট নিয়ে যায়। এসব স্বর্ণালংকারের ওজন আনুমানিক দুই থেকে আড়াই ভরি।
মন্দির কমিটির সভাপতি ও পরিচালক বিশ্বনাথ ধর বলেন, ‘মন্দিরের পূজার জিনিসপত্র, তিনটি ঘট এবং ঘটের গলায় থাকা তিনটি স্বর্ণের চেইন ও তিনটি স্বর্ণের লকেট নিয়ে গেছে। আনুমানিক দুই থেকে আড়াই ভরি স্বর্ণ ছিল। এমনকি আজকের পূজার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রও তারা রেখে যায়নি।’
উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা অমর কান্তি দে বলেন, ‘দুর্গাপূজার আগে এমন চুরির ঘটনায় আমাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, `পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।'
এর আগে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উত্তর উপজেলার ভূজপুর ন্যাশনাল স্কুলের সামনে দিনদুপুরে একাধিক সিএনজি অটোরিকশা থামিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এ সময় এক সিএনজি অটোরিকশাচালককে মারধর করে রক্তাক্ত করা হয়।
তারও আগে ২৭ সেপ্টেম্বর দিবাগত রাতে ফটিকছড়ি উত্তর উপজেলার মিরসরাই সীমান্তের নয়াটিলা মাজারের পূর্ব পাশে এক ট্রাকচালককে কুপিয়ে জখম করে তার সঙ্গে থাকা মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।
২৩ সেপ্টেম্বর রাতে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামের দারগ্ আলী তালুকদার বাড়ির ব্যবসায়ী আলমগীর হোসেন বাহাদুরের বসতঘর থেকে প্রায় ১২ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে।
১৮ সেপ্টেম্বর দিবাগত রাতে পাইন্দং ইউনিয়নের ঘোগিনাঘাটা এলাকার নুরুল আলম ফোরম্যান বাড়িতে ডাকাতির অভিযোগ ওঠে। ভুক্তভোগী পরিবারের দাবি, পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে জিম্মি করে নগদ টাকা, প্রায় সাড়ে ১১ ভরি স্বর্ণালংকার ও তিনটি মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতেরা।
১৭ সেপ্টেম্বর রাতে নাজিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের টেকের দোকান এলাকায় পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে।
১০ সেপ্টেম্বর গভীর রাতে ফটিকছড়ির কিপাইতনগর মুনিরুল উলুম দাখিল মাদ্রাসার তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। এর আগে ৬ সেপ্টেম্বর উত্তর উপজেলার ভূজপুর ইউনিয়নের পোদ্দারপাড়া এলাকায় একটি পরিত্যক্ত ঘরের তালা কেটে মালামাল নিয়ে যাওয়ার সময় তিন কিশোরকে স্থানীয়রা আটক করেন।
এ ছাড়া ফটিকছড়ি উত্তর উপজেলার হারুয়ালছড়ি ও ভূজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিয়মিত গরু চুরির অভিযোগও রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি নাজমুল আলম বলেন, চোরেরা সাধারণত গভীর রাতে বাড়ির পেছনের অংশ বা নির্জন স্থান দিয়ে ঘরে প্রবেশ করে। পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।
তিনি বলেন, বিভিন্ন ইউনিয়নের গ্রামাঞ্চলে একই কৌশলে চুরির ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। চোরদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি রাতের টহল জোরদারের দাবি জানান তিনি।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বলেন, একাধিক ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করেছিল। তবে কারও পক্ষ থেকে অভিযোগ না পাওয়ায় মামলা করা সম্ভব হয়নি।
তিনি বলেন, রাতে পুলিশের টহল টিমের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব পালন করা হচ্ছে। রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত পুলিশের টহল টিম মাঠে থাকে।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন এলাকায় পরিত্যক্ত মালামাল খোঁজার কথা বলে দিনদুপুরেও চুরির ঘটনা ঘটছে। সম্প্রতি নাজিরহাট এলাকায় এমন কয়েকটি ঘটনার অভিযোগ পাওয়া গেছে।
সাম্প্রতিক এসব ঘটনায় ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলার বাসিন্দাদের মধ্যে চুরি, ছিনতাই ও ডাকাতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












