Cvoice24.com

হোটেল কক্ষে নারীর লাশ, গলায় ফাঁসের চিহ্ন

সিভয়েস২৪ প্রতিবেদক
০০:৩৬, ১ অক্টোবর ২০২৬
হোটেল কক্ষে নারীর লাশ, গলায় ফাঁসের চিহ্ন

নগরের একেখান মোড়ের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে জান্নাতুন নাঈম (২৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আকবর শাহ থানার ‘হোটেল সিটি প্যালেস’র দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত জান্নাতুন নাঈম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তর আকুবদণ্ডী এলাকার বাসিন্দা আইয়ুব আলীর কন্যা এবং মনসুর হেলালের স্ত্রী।

আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ ওমর বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জান্নাতুন নাঈম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার গলায় ফাঁস দেওয়ার চিহ্ন পাওয়া গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।'

তিনি আরও বলেন, 'মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃতের বাবা-মাকেও খবর দেওয়া হয়েছে।'

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, 'পুলিশ মরদেহটি হাসপাতালে নিয়ে এসেছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।'