বোয়ালখালীতে আগুনে পুড়লো ৫ বসতঘর
প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দনগর এলাকার মাইজপাড়া দুদু মিয়া সওদাগরের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মোস্তাফিয়া তৈয়বিয়া জামে মসজিদের পেছনের ওই বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক দেখা দেয়।
অগ্নিকাণ্ডে শাহ আলম, আব্দুর রহিম, করিম, বাদশা মিয়া ও নুরুল আলমের বসতঘর পুড়ে যায়।
খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, ‘প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।’
তবে ভুক্তভোগী শাহ আলমের দাবি, তার ঘরে থাকা নগদ ৩ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণসহ আনুমানিক ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












