তিন দফা কমার পর ফের বাড়লো সোনার দাম
সিভয়েস২৪ ডেস্ক
দেশের বাজারে টানা তিন দফা কমার পর আবারও বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার কারণে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
এ ছাড়া—২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে
বাজুস জানিয়েছে, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৯৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ১ হাজার ১০৮ টাকা বাড়ানো হয়েছে।
এর আগে, ২৬ সেপ্টেম্বর ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা এবং ২৮ সেপ্টেম্বর আরও ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়। এর ফলে দুই দফায় মোট ৩ হাজার ৮৪৯ টাকা কমেছিল।
২৮ সেপ্টেম্বর নির্ধারিত দামে ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকায়। বুধবার নতুন দাম কার্যকর হওয়ার পর তা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
এদিকে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। ২১ ক্যারেটের দাম ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।
অর্থ-বাণিজ্য সব খবর















