তরুণদের নেতৃত্ব বিকাশে কার্যক্রম সম্প্রসারণ করবে জেসিআই চট্টগ্রাম
সিভয়েস২৪ ডেস্ক
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রামের ২০২৬ সালের তৃতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের চলমান কার্যক্রমের অগ্রগতি, সদস্যদের অংশগ্রহণ, বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন এবং বছরের বাকি সময়ের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেসিআই চট্টগ্রাম ২০২৬-এর চ্যাপ্টার প্রেসিডেন্ট জুনায়েদ আহমেদ রাহাতের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট সুজাউর রহমান।
সভার শুরুতে সংগঠনের চলমান বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়। পরে সদস্যরা এসব কার্যক্রমের অভিজ্ঞতা, বাস্তবায়নের বিভিন্ন দিক এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত দেন।
সভায় ২০২৬ সালের নির্ধারিত কর্মসূচিগুলোর বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি আগামী দিনগুলোতে তরুণদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের বিকাশ, উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা এবং সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, জেসিআই তরুণদের নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ তৈরি করে। চট্টগ্রামের তরুণদের সম্পৃক্ত করে সংগঠনের কার্যক্রম আরও সক্রিয় ও ফলপ্রসূ করতে সদস্যদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভায় সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও নতুন উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি, পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদার এবং নির্ধারিত কর্মসূচি সময়মতো বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়।
এছাড়া সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের দায়িত্ব এবং ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে উপস্থিত সদস্যরা মতবিনিময় করেন। আলোচনায় উঠে আসা বিভিন্ন প্রস্তাব ও মতামতের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জেসিআই চট্টগ্রামের প্রেসিডেন্ট জুনায়েদ আহমেদ রাহাত বলেন, চলতি বছরের লক্ষ্য ও পরিকল্পনা বাস্তবায়নে সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ। সামাজিক উন্নয়ন ও তরুণ নেতৃত্ব বিকাশে কার্যকর উদ্যোগ অব্যাহত রাখার পাশাপাশি চট্টগ্রামে জেসিআইয়ের কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।
সভা শেষে নির্ধারিত কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অর্থ-বাণিজ্য সব খবর















