দীঘিনালায় গর্ভকালীন ও শিশুস্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ
দীঘিনালা প্রতিনিধি, সিভয়েস২৪
খাগড়াছড়ির দীঘিনালা জোনের উদ্যোগে গর্ভকালীন স্বাস্থ্য, পরিচর্যা, প্রসব, শিশু স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক তিন সপ্তাহের প্রশিক্ষণ শেষে ২১ প্রশিক্ষণার্থীর মধ্যে যোগ্যতার সনদ বিতরণ করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে দীঘিনালা জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন মেডিকেল অফিসার ও আরএমও ক্যাপ্টেন সাকলাইন শায়খউদ্দিন।
দীঘিনালা জোনের তত্ত্বাবধানে এবং দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় গত ৬ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণার্থীরা গর্ভকালীন স্বাস্থ্য ও পরিচর্যা, নিরাপদ প্রসব, শিশু স্বাস্থ্য এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ নেন।
প্রশিক্ষণ শেষে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করায় ২১ জন প্রশিক্ষণার্থীর মধ্যে যোগ্যতার সনদ বিতরণ করা হয়।
প্রশিক্ষণার্থী তিলক্ষ চাকমা ও বিউটি মুৎসুদ্দি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে তারা গর্ভকালীন স্বাস্থ্য, পরিচর্যা, প্রসব, শিশু স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করেছেন। এখন তারা এসব বিষয়ে পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারবেন।
পাহাড় সব খবর















