Cvoice24.com

বিশ্ব পর্যটন দিবসে বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

প্রতিনিধি, সিভয়েস২৪
১৩:৩৯, ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব পর্যটন দিবসে বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবানের চারটি জনপ্রিয় পর্যটনকেন্দ্রে পর্যটকদের জন্য বিনামূল্যে প্রবেশের সুযোগ দিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের পর্যটন সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক সজীব কান্তি রুদ্র স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত পর্যটনকেন্দ্রগুলোতে এ বিশেষ সুবিধা দেওয়া হবে।

বিনামূল্যে প্রবেশের সুযোগ পাওয়া পর্যটনকেন্দ্রগুলো হলো—নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এসব কেন্দ্রে ভ্রমণে পর্যটকদের কোনো প্রবেশ ফি দিতে হবে না।

প্রতি বছর ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব পর্যটন দিবস। পর্যটনের গুরুত্ব, স্থানীয় অর্থনীতিতে এ খাতের অবদান এবং বিভিন্ন অঞ্চলের পর্যটন সম্ভাবনা তুলে ধরতেই দিবসটি পালন করা হয়।

প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, ঝরনা ও বৈচিত্র্যময় সংস্কৃতির কারণে বান্দরবান দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। বিশেষ দিনে প্রবেশ ফি মওকুফের এই উদ্যোগে পর্যটকদের আগ্রহ ও উপস্থিতি আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

তাদের মতে, পর্যটক বাড়লে হোটেল-রিসোর্ট, রেস্তোরাঁ, পরিবহনসহ স্থানীয় পর্যটননির্ভর ব্যবসা ও অন্যান্য সেবাখাতও উপকৃত হবে। জেলা প্রশাসনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বান্দরবান হোটেল-রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনসহ পর্যটনসংশ্লিষ্টরা।

পাহাড় সব খবর