Cvoice24.com

টেকনাফে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ২ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
১৭:৪৯, ২৮ সেপ্টেম্বর ২০২৬
টেকনাফে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ২ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে জেলের ছদ্মবেশে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচারের সময় ২ লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে উপজেলার সীমান্তবর্তী মেজরের ঘের এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, নিয়মিত টহলের সময় উনচিপ্রাং বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৭ থেকে প্রায় ৫০০ মিটার উত্তরে মেজরের ঘের এলাকায় এক ব্যক্তিকে মাছের ক্যারেট মাথায় নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি ক্যারেটটি ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যান।

পরে বিজিবির সদস্যরা মাছের ক্যারেটটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটের ২০টি কাটে থাকা ২ লাখ ইয়াবা উদ্ধার করেন। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়েও আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল  বলেন, ইয়াবা সরবরাহকারী ও এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

কক্সবাজার সব খবর