হিমছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী গাড়ির গাছে ধাক্কা, নিহত ১
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী একটি চান্দের গাড়ি গাছের সঙ্গে ধাক্কা লেগে হাবিবুর রহমান হাবিব (৪০) নামে এক পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও সন্তানসহ ১৩ জন আহত হয়েছেন।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে হিমছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান ঢাকার মহাখালীর রসুলবাগ এলাকার বাসিন্দা। তিনি ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। দুর্ঘটনায় তার স্ত্রী শারমিন ও ছেলে সাফওয়ানসহ দলের অন্য সদস্যরা আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার ১৪ জনের একটি পর্যটক দল বিকেল ৪টার দিকে চান্দের গাড়িতে করে কক্সবাজার থেকে ইনানীর উদ্দেশে রওনা দেয়। হিমছড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই হাবিবুর রহমানের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। পরে দুর্ঘটনাকবলিত গাড়িটি একটি কাভার্ড ভ্যানে করে সরিয়ে নেওয়া হয়।
এদিকে, রাত সাড়ে ১২টার দিকে নিহত হাবিবুর রহমানের মরদেহ এবং আহত পর্যটকদের নিয়ে একটি লাশবাহী গাড়ি ও পাঁচটি অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে কক্সবাজার ছেড়ে যায়।
কক্সবাজার সব খবর














