আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ
সিভয়েস২৪ ডেস্ক
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর), আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। ‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ’—এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশে পালিত হচ্ছে দিবসটি।
জনগণের তথ্য জানার অধিকার সুসংহত করা এবং তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে দিবসটি উপলক্ষে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
তথ্য কমিশন বাংলাদেশ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সচেতনতামূলক প্রচারণাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে রাজধানী ঢাকায় এবং জেলা পর্যায়ে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
দিবসটির প্রতিপাদ্যকে সামনে রেখে মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠানো, ডিজিটাল স্ক্রল ও ডিজিটাল অ্যাডভারটাইজিং বোর্ডে তথ্য অধিকারবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং বিভিন্ন সরকারি দপ্তরের ওয়েবসাইটে ফেস্টুন প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বছর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর নির্ধারিত মূল থিম ‘Ensuring Access to Environmental Information in the Digital Age’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।
বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন বাংলাদেশের অডিটোরিয়ামে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এদিকে দিবসটির গুরুত্ব বিবেচনায় সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলসহ দেশের সব ইলেকট্রনিক গণমাধ্যমে দিবসের প্রতিপাদ্য বার্তা স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জাতীয় সব খবর















