বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন, গ্যাসচালিত যানবাহনে প্রযোজ্য নয়
সিভয়েস২৪ ডেস্ক
ডিজেলের মূল্য বৃদ্ধি ও বর্তমান পরিচালন ব্যয় বিবেচনায় ডিজেলচালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন নির্ধারিত ভাড়া মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব জসিম উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে।
আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রেও প্রতি কিলোমিটারে নতুন ভাড়া ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
নতুন প্রজ্ঞাপনে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে এই নতুন ভাড়ার হার গ্যাসচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নির্ধারিত নতুন ভাড়ার হার প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে।
জনস্বার্থে জারি করা এ ভাড়ার হার মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকেই কার্যকর হয়েছে।
জাতীয় সব খবর















