মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ, একদিন পর জঙ্গলে মিললো লাশ
সিভয়েস২৪ ডেস্ক
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর নিখোঁজ হয়েছিল ১৩ বছরের অপ্রতিম। নিখোঁজের একদিন পর কুমিল্লার কোটবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ার দম্পতির একমাত্র সন্তান। সে বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর আর বাড়ি ফেরেনি সে।
নির্ধারিত সময়ের পরও অপ্রতিম বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। স্বজনদের পাশাপাশি পুলিশও তাকে উদ্ধারে তৎপর হয়। পরে ওইদিনই সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।
নিখোঁজের পর অপ্রতিমের সর্বশেষ অবস্থান শনাক্তের চেষ্টা করে পুলিশ। পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। স্বজনরাও বিভিন্ন স্থানে তার সন্ধান চালাতে থাকেন।
নিখোঁজের একদিন পর শনিবার কুমিল্লার কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের একটি জঙ্গল থেকে অপ্রতিমের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, ‘দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের জঙ্গল থেকে অপ্রতিমের লাশ পাওয়া গেছে। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’
অপ্রতিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। কীভাবে তার মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
জাতীয় সব খবর















