মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ
সিভয়েস২৪ ডেস্ক
মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন একাত্তরের এই গেরিলা যোদ্ধা। মুক্তিযুদ্ধে চট্টগ্রামের কৈবল্যধাম যুদ্ধের নেতা হিসেবে দায়িত্ব পালনকারী রইসুল হক বাহার দীর্ঘ ৪৬ বছর সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন।
রইসুল হক বাহার ১৯৫২ সালের ১ এপ্রিল নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার চরকাকড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৯ সালে চট্টগ্রাম বন্দরে কর্মজীবন শুরু করেন তিনি।
চট্টগ্রাম বন্দরে অস্ত্র খালাস করতে আসা সোয়াত জাহাজ অবরোধে নিউমুরিং এলাকার জনগণকে সংগঠিত করার কাজে নেতৃত্বদানকারীদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। ১৯৭১ সালে ভারতের হাফলং প্রশিক্ষণ কেন্দ্রে যুদ্ধের প্রশিক্ষণ নেন রইসুল হক বাহার।
গেরিলা কমান্ডার হিসেবে তিনি ছিলেন বিস্ফোরক বিশেষজ্ঞ। তাঁর নেতৃত্বেই চট্টগ্রামের কৈবল্যধাম রেল স্টেশন অভিযান পরিচালিত হয়।
১৯৭২ সালে দৈনিক সেবক পত্রিকার মাধ্যমে রইসুল হক বাহারের সাংবাদিকতা জীবন শুরু হয়। পরে তিনি দৈনিক গণকণ্ঠ ও দৈনিক পূর্বকোণে কাজ করেন। দৈনিক সুপ্রভাত বাংলাদেশে বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
চট্টগ্রামের ইংরেজি দৈনিক পিপলস ভিউ এবং জাতীয় দৈনিক ডেইলি সানের বার্তা সম্পাদকের দায়িত্বেও ছিলেন তিনি। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ডেইলি স্টারের চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন। এরপর আবার দৈনিক সুপ্রভাত বাংলাদেশে যোগ দেন।
জীবনের শেষ সময়ে তিনি দৈনিক পূর্বকোণের সহযোগী সম্পাদক এবং ফুলকি স্কুলের নির্বাহী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
রইসুল হক বাহার ‘মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বন্দর’ বইটির সম্পাদনা করেন। এছাড়া ‘পশ্চিম পাকিস্তানের শেষ রাজা’ বইটি অনুবাদ করেন তিনি।
মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ছোটদের জন্য ইংরেজিতে একটি পুস্তিকাও রচনা করেন। মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের প্রকাশনা ‘স্মরণিকা’ সম্পাদনার দায়িত্বও পালন করেন তিনি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মুক্তিযুদ্ধের আর্কাইভ প্রতিষ্ঠায় মূল ভূমিকায় ছিলেন রইসুল হক বাহার।
সারাজীবন তিনি প্রগতিশীল রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা ও ইতিহাস সংরক্ষণে তাঁর অবদান স্মরণ করে আজ অষ্টম মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন সহকর্মী, মুক্তিযোদ্ধা ও শুভানুধ্যায়ীরা।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












