Cvoice24.com

রাউজানে অনুমোদন ছাড়াই সার মজুত করে বেশি দামে বিক্রি, প্রশাসনের হানা

প্রতিনিধি, সিভয়েস২৪
১৫:১২, ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাউজানে অনুমোদন ছাড়াই সার মজুত করে বেশি দামে বিক্রি, প্রশাসনের হানা

চট্টগ্রামের রাউজানে অনুমোদন ছাড়াই সার মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে একটি দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৯০ বস্তা সার জব্দের পাশাপাশি দোকান মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার ফকিরহাট এলাকায় আরফান সিকদারের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলাম। উপজেলা কৃষি বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

জব্দ করা সারের মধ্যে রয়েছে ৫৯ বস্তা টিএসপি, ১০ বস্তা ডিএপি এবং ২১ বস্তা এমওপি।

উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীল বলেন, বর্তমানে চাষাবাদের ভরা মৌসুম চলছে। এ সময় কিছু ডিলার নামধারী ব্যক্তি সার মজুত করে অতিরিক্ত দামে বিক্রি করছে বলে খবর পাওয়া গেছে। কৃষকদের স্বার্থে এসব অবৈধ মজুতদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, কৃষকদের যাতে ন্যায্যমূল্যে সার পেতে কোনো সমস্যা না হয়, সে বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নজরদারি করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অনুমোদন ছাড়া সার বিক্রি ও মজুত এবং অতিরিক্ত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রির অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় অর্থদণ্ডের পাশাপাশি বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুত করা সার জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, কৃত্রিম সার সংকট সৃষ্টি এবং অতিরিক্ত দামে সার বিক্রি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীল, এনএসআই কর্মকর্তা টিবলু বড়ুয়াসহ রাউজান থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর