Cvoice24.com

ভোরে সীমান্তে বিজিবির ফাঁদ, গরু ফেলে পালাল ২ চোরাকারবারী

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
১০:৫৯, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ভোরে সীমান্তে বিজিবির ফাঁদ, গরু ফেলে পালাল ২ চোরাকারবারী

চট্টগ্রামের মীরসরাই উপজেলার কয়লারমুখ সীমান্তে অভিযান চালিয়ে ছয়টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)–এর অধীন কয়লারমুখ বিওপির একটি টহলদল এ অভিযান চালায়।

বিজিবি সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে কয়লারমুখ বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২২০৫/৬ আরবি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রহমতপুর এলাকায় অবস্থান নেয়।

পরে ভোর সাড়ে পাঁচটার দিকে ভারতের দিক থেকে দুই ব্যক্তিকে ছয়টি গরু নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। এ সময় বিজিবির সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে ধাওয়া দিলে তারা গরুগুলো ফেলে ভারতের দিকে পালিয়ে যান।

পরে ঘটনাস্থল থেকে ছয়টি ভারতীয় গরু জব্দ করে বিজিবির টহলদল। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন বিজিবির সদস্যরা।

এ ছাড়া সীমান্ত এলাকার বাসিন্দাদের এসব অপরাধ প্রতিরোধে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বাহিনীটি।