Cvoice24.com

চোরাকারবারিদের ফটিকছড়ির সড়ক ব্যবহার করতে দেওয়া হবে না : এমপি সরোয়ার আলমগীর

ফটিকছড়ি প্রতিনিধি
১৭:৩৫, ১৪ সেপ্টেম্বর ২০২৬
চোরাকারবারিদের ফটিকছড়ির সড়ক ব্যবহার করতে দেওয়া হবে না : এমপি সরোয়ার আলমগীর

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, সংসদীয় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, এমন কোনো কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ফটিকছড়ি উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলরুমে ফটিকছড়ি উপজেলা ও ফটিকছড়ি উত্তর উপজেলা যৌথ আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরোয়ার আলমগীর বলেন, মাদক, সন্ত্রাস, মব ভায়োলেন্স, বাল্যবিবাহসহ বিভিন্ন অপরাধে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং তা অব্যাহত থাকবে।

রাবার পাচার প্রসঙ্গে তিনি বলেন, সংসদীয় এলাকার ওপর দিয়ে চলাচলকারী রাবারবাহী গাড়িগুলো বৈধ নাকি অবৈধ, তা তদারকির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। চোরাকারবারিদের জন্য ফটিকছড়ির সড়ক ব্যবহার করতে দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, এলাকার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। ইনশাআল্লাহ, এর সুফল এলাকার জনগণ পাবেন।

তিনি আরও বলেন, ফটিকছড়ি সংসদীয় এলাকার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং এলাকার উন্নয়নে জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীম। এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, ভুজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে, ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল আলম, উপজেলা প্রকৌশলী এম. জুনায়েদ, নাজিরহাট হাইওয়ে থানার ইনচার্জ মো. আজিজসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন মোবারক হোসেন কাঞ্চন, জহির আজম চৌধুরী, নাজিম উদ্দীন শাহীন, ইকবাল হোসেন চেয়ারম্যান, ফারুকুল আজম চেয়ারম্যান, শাহজাহান চৌধুরী শিফন চেয়ারম্যান, জিয়া উদ্দীন জিয়া চেয়ারম্যান, অহিদুল আলম চেয়ারম্যান, সোহারব উদ্দীন সৌরভ চেয়ারম্যান এবং প্রেসক্লাব সভাপতি এস এম মোরশেদ মুন্নাসহ সংশ্লিষ্টরা।