Cvoice24.com

শিশু ধর্ষণ মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড

সিভয়েস২৪ প্রতিবেদক
১৭:৩৮, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিশু ধর্ষণ মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড

চট্টগ্রাম নগরের হালিশহর থানায় আট বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দশ বছর পর রায় দিয়েছেন আদালত। মামলায় আসামি মো. মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত মো. মজিবর মৃধা (৬১) বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দিয়াতলী এলাকার মৃত কাদের মৃধার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, ‘পাঁচজন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।’

মামলার নথি সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির মা অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। ২০১৫ সালের ৭ ডিসেম্বর সকালে তিনি মেয়েকে পাশের একটি বাসায় রেখে কাজে চলে যান। এ সময় শিশুটি একা ছিল। এই সুযোগে আসামি প্রলোভন দেখিয়ে শিশুটিকে পাশের একটি বাসায় নিয়ে যান এবং সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

শিশুটির মা বাদী হয়ে ১০ ডিসেম্বর হালিশহর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে হালিশহর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জমির উদ্দীন ২০১৬ সালের ১৩ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করে মামলাটির বিচার শুরু হয়, যা দীর্ঘ প্রায় দশ বছর পর রায়ে গিয়ে শেষ হলো।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর