আনোয়ারায় মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী মাহফিল
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রামের আনোয়ারায় মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ মাগরিব মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সংগঠনের মহাসচিব মো. শহিদুল ইসলাম ও হাফেজ মো. আবু সৈয়দের সঞ্চালনায় ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন মালঘর আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার সহকারী সুপার ও শিলাইগড়া তৈয়বিয়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাম সিদ্দিকী এবং মিয়া বাড়ী জামে মসজিদের খতিব মাওলানা আরিফুর রহমান আল-কাদেরী।
মাহফিলে মিলাদ, কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন বখশে আলী ফৌজদার জামে মসজিদের খতিব মাওলানা মো. আবুল কাশেম। পবিত্র কোরআন তেলাওয়াত করেন একই মসজিদের পেশ ইমাম হাফেজ আবদুল মালেক। নাতে রাসুল (সা.) পরিবেশন করেন মিয়া বাড়ী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল মালেক।
এ সময় তৈয়বিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নুর মোহাম্মদসহ সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মাহফিলে বক্তারা বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর পৃথিবীতে আগমন সমগ্র বিশ্ববাসীর জন্য সর্বশ্রেষ্ঠ রহমত। রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ, সুন্নাহ ও মানবিক গুণাবলি অনুসরণের মাধ্যমেই মানবজাতির ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি লাভ সম্ভব।
এ ছাড়া মাহফিলে মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের প্রতিষ্ঠালগ্ন থেকে দায়িত্ব পালনকারী প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বিভিন্ন সময়ে সংগঠনের দায়িত্ব পালনকারী নেতৃবৃন্দ এবং এলাকাবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনাতেও দোয়া ও মোনাজাত করা হয়।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















