টেকনাফকে অপরাধীদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না: শাহজাহান চৌধুরী
উখিয়া- টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের টেকনাফে মাদক, অপহরণ ও মানব পাচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় মাদক, অপহরণ ও মানব পাচারবিরোধী র্যালি ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরী বলেন, অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয়, প্রভাব কিংবা আশ্রয়-প্রশ্রয় তাদের আইনের হাত থেকে রক্ষা করতে পারবে না। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।
তিনি বলেন, ‘মাদক, অপহরণ ও মানব পাচার টেকনাফের মানুষের নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য সরাসরি হুমকি। এসব অপরাধের বিরুদ্ধে শুধু অভিযান চালিয়ে দায় সারলে হবে না; অপরাধের মূল শিকড় উপড়ে ফেলতে হবে। মাদক কারবারি, অপহরণকারী ও মানব পাচারকারীদের কোনো রাজনৈতিক পরিচয়, প্রভাব কিংবা আশ্রয়-প্রশ্রয়ই তাদের আইনের হাত থেকে রক্ষা করতে পারবে না। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।’
তিনি আরও বলেন, ‘টেকনাফকে অপরাধীদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও সমন্বিতভাবে কাজ করতে হবে।’
সমাবেশে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এবং বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে মাদক, অপহরণ ও মানব পাচারের বিরুদ্ধে স্থানীয়ভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে স্থানীয় বাসিন্দাদের আহ্বান জানানো হয়।
পরে উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী টেকনাফ থানার আওতাধীন প্রস্তাবিত কচ্ছপিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করেন।
কক্সবাজার সব খবর














