Cvoice24.com

মোটরসাইকেল আরোহী যুবকের কাছে মিললো ১৮ হাজার ইয়াবা

বাঁশখালী প্রতিনিধি, সিভয়েস২৪
২২:০২, ১১ সেপ্টেম্বর ২০২৬
মোটরসাইকেল আরোহী যুবকের কাছে মিললো ১৮ হাজার ইয়াবা

চট্টগ্রামের বাঁশখালীতে ১৮ হাজার ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ সফিউল আজম (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী এলাকায় টিএন্ডটি অফিসের সামনে পেকুয়া-বাঁশখালী পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সফিউল আজম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ পূর্ব মুহুরীপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলটির চালক সফিউল আজমের হেফাজত থেকে ১৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর