ধানমন্ডির পর মহাখালী, ১ ঘণ্টার ব্যবধানে দুই অগ্নিকাণ্ড
সিভয়েস২৪ ডেস্ক
রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে এক ঘণ্টার ব্যবধানে দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে দুই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সকাল ১০টার দিকে প্রথমে ধানমন্ডির ২৭ নম্বর সড়কে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাপেক্সের একটি বিক্রয়কেন্দ্রের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাণিজ্যিক ভবনটির ওপরের তলা থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। পরে মুহূর্তের মধ্যে পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তাবলয় তৈরি করেন এবং কৌতূহলী জনতাকে সরিয়ে দেন।
প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস। এ ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এর এক ঘণ্টা পর বেলা ১১টার দিকে রাজধানীর মহাখালীতে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বেলা ১১টা ১২ মিনিটের দিকে মহাখালীতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীদের পাঠানো হয়। আমাদের ৩টি ইউনিট কাজ করে ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
ফায়ার সার্ভিস জানায়, মহাখালীর ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ভবনের পাশে একটি পুরোনো চারতলা ভবনের ছাদে থাকা পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে আগুন লাগে। ওই ভবনের তৃতীয় তলায় একটি বৈদ্যুতিক সাব-স্টেশন রয়েছে। এ অগ্নিকাণ্ডেও তাৎক্ষণিকভাবে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
জাতীয় সব খবর















