নাফ নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শাহপরীরদ্বীপ জেটিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই কিশোর হলো— শাহপরীরদ্বীপ উত্তরপাড়া এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে মোহাম্মদ নিশান (১২) ও কেফায়েত উল্লাহর ছেলে আরজিন (১০)।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার সকালে নিশান ও আরজিন জেটিঘাটসংলগ্ন নাফ নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয় জেলে ও বাসিন্দারা নৌকা নিয়ে নদীতে তাদের খুঁজতে শুরু করেন। পরে কোস্টগার্ডের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন।
দুপুর দুইটার দিকে শাহপরীরদ্বীপ বিজিবি বিওপির সামনে নাফ নদীর অংশ থেকে দুই জনকে উদ্ধার করা হয়। এ সময় আরজিনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিশানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সনজীব বিষয়টি নিশ্চিত করে বলেন, নাফ নদীতে গোসল করতে গিয়ে দুই কিশোর নিখোঁজ হওয়ার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অপরজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত জাহান বলেন, নিশানকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। অতিরিক্ত পানি পান করার কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
কক্সবাজার সব খবর















