মিয়ানমারে পাচারের সময় ৩৫ টন কাফকোর ইউরিয়া সারসহ আটক ২
সিভয়েস২৪ প্রতিবেদক
মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন। এ সময় সার পাচারে ব্যবহৃত তিনটি ট্রাকও জব্দ করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব সার ও ট্রাক জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ট্রাক থেকে কার্গো বোটে সার স্থানান্তর করা হচ্ছিল। এ সময় মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে আনা ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।
প্রতিটি বস্তায় ৫০ কেজি করে সার থাকায় জব্দ করা সারের মোট পরিমাণ ৩৫ হাজার কেজি। এসব সারের আনুমানিক মূল্য ২৪ লাখ ৫০ হাজার টাকা। সারগুলো চট্টগ্রামের কাফকো কারখানায় উৎপাদিত।
অভিযানে একজন ট্রাকচালক ও একজন হেলপারকে আটক করা হয়েছে। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অপর দুই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান।
কোস্ট গার্ড কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নৌযানে পরিবহনের জন্য সারগুলো বাঁশবাড়িয়া ঘাটে আনা হয়েছিল। চোরাচালানের সঙ্গে জড়িত মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে গত ২ সেপ্টেম্বর চট্টগ্রামের হালিশহর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১১ হাজার কেজি কাফকোর ইউরিয়া সার জব্দ করেছিল কোস্ট গার্ড পূর্ব জোন। ওই ঘটনায় তিনজনকে আটক করা হয়।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













