সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচার, আনোয়ারায় ধরা
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রামের আনোয়ারায় সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারের সময় ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবাসহ নুরুল আলম প্রকাশ মুজাহিদ (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার এলপিজি অটো গ্যাস স্টেশন এলাকায় মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুরুল আলম প্রকাশ মুজাহিদ কক্সবাজারের টেকনাফ থানার রংগীখালী এলাকার আব্দুর রহমানের ছেলে।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা নিয়ে মোটরসাইকেলে চট্টগ্রাম শহরের দিকে আসার তথ্য পেয়ে আনোয়ারা থানাধীন সৈয়দ কুচাইয়ার মোড়ে পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। তল্লাশির সময় একটি মোটরসাইকেল থামানো হয়, যার সামনের শেডে ইংরেজিতে ‘প্রেস- ডেইলি বাংলাদেশ অবজারভার’ লেখা স্টিকার লাগানো ছিল। পরে মোটরসাইকেলের হাফ চেসিস ও চেসিস বক্সের ভেতর থেকে ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২৩ লাখ ৫৫ হাজার টাকা।
তিনি আরও বলেন, ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। গ্রেপ্তার আসামি, উদ্ধার ইয়াবা ও জব্দ মোটরসাইকেল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














