Cvoice24.com

রামগড়ে গাঁজা সেবন করে কারাগারে গেলেন যুবক

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
১৯:৩৪, ১১ সেপ্টেম্বর ২০২৬
রামগড়ে গাঁজা সেবন করে কারাগারে গেলেন যুবক

খাগড়াছড়ির রামগড়ে গাঁজা সেবনের দায়ে জয়নাল আবেদীন (৪৬) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে রামগড় সার্কেল অফিসসংলগ্ন হাসপাতাল সড়কের একটি খালি জায়গা থেকে জয়নাল আবেদীনকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, রাত সাড়ে আটটার দিকে হাসপাতাল সড়কের অন্ধকারাচ্ছন্ন একটি খালি জায়গায় একজন ব্যক্তিকে অবস্থান করতে দেখে পুলিশের সন্দেহ হয়। পরে সেখানে গিয়ে জয়নাল আবেদীনকে গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া যায়। তার দেহ তল্লাশি করে পকেট থেকে আরও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

আটক জয়নাল আবেদীন রামগড় পৌরসভার কমপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার জিয়াউল হক ও রাবেয়া বেগমের ছেলে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, জয়নাল আবেদীনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ২১ নম্বর ক্রমিকে মামলা করে তাকে আদালতে পাঠানো হয়। পরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।