Cvoice24.com

খাগড়াছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
১২:৪৮, ১ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি চেঙ্গী স্কয়ার এলাকায় বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া এমপি।

পরে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর হয়ে খাগড়াছড়ি টাউন হলে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে, দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে খাদ্য গুদামসংলগ্ন শহীদ জিয়ার ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া এমপি। এ সময় তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।

শোভাযাত্রা ও আলোচনা সভায় জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এমএন আবছারসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আয়োজকদের দাবি, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।


 

পাহাড় সব খবর