রং-তুলিতে প্রতিবাদ, যুক্তিতে জবাব! রামগড়ে দুর্নীতিবিরোধী চিত্রাঙ্কন-বিতর্কে মাতল শিক্ষার্থীরা
রামগড় প্রতিনিধি
রং-তুলিতে প্রতিবাদ, যুক্তিতে জবাব! দুর্নীতির বিরুদ্ধে খাগড়াছড়ির রামগড়ে জেগে উঠল স্কুল-কলেজের শিক্ষার্থীরা। চিত্রাঙ্কন আর বিতর্কের মঞ্চে একদিকে রংতুলির ছোঁয়ায় প্রতিবাদ, অন্যদিকে যুক্তির লড়াইয়ে জমজমাট বিতর্ক।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে ‘দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, রাঙ্গামাটি এতে সহযোগিতা করে।
সকালে প্রথমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে দুই গ্রুপে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেখানে ছয়জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।
এরপর "দুর্নীতি প্রতিরোধে পারিবারিক শিক্ষার বিকল্প নেই" বিষয়ে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা। প্রথম রাউন্ডে অংশ নেয় উপজেলার আটটি বিদ্যালয়ের শিক্ষার্থী, দ্বিতীয় রাউন্ড থেকে চারটি বিদ্যালয় ফাইনালে ওঠে। ফাইনালে পক্ষে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার বক্তারা লড়েন। চূড়ান্ত ফলাফলে চ্যাম্পিয়ন হয় রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়, রানার্সআপ রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসা। সেরা বিতার্কিক নির্বাচিত হন রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তানজিন তাবাচ্ছুম রাফি।
রামগড় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহআলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম।
কমিটির সহ-সভাপতি করিম শাহের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, রামগড় থানার ওসি মো. নাজির আলম ও পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী প্রোগ্রামার রেহান উদ্দিন। বিচারকের আসনে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আবদুর রউফ ও কমিটির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
পাহাড় সব খবর















