Cvoice24.com

লোকালয় থেকে উদ্ধার অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

কাপ্তাই প্রতিনিধি
১৮:০৪, ১৮ আগস্ট ২০২৬
লোকালয় থেকে উদ্ধার অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

কাপ্তাইয়ের চন্দ্রঘোনাস্থ কেপিএম আবাসিক এলাকা থেকে উদ্ধার করা প্রায় ১০ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানের সীতার পাহাড় এলাকায় অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ২টার দিকে বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমানের উপস্থিতিতে অজগরটি অবমুক্ত করা হয়।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমান জানান, অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন আনুমানিক ৯ কেজি। সোমবার (১৭ আগস্ট) রাত ১১টার দিকে কেপিএমের নিরাপত্তা প্রহরী মো. ইসমাইল হোসেনের কলাবাগান এ ব্লক বিল্ডিংয়ের বাসা থেকে অজগরটি উদ্ধার করা হয়।

ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সদস্য ও স্থানীয় এলাকাবাসী অজগরটি উদ্ধার করেন। পরে বন বিভাগের তত্ত্বাবধানে এটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের সীতার পাহাড় এলাকায় নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়।

অজগর উদ্ধারের সময় রাম পাহাড় বন বিটের কর্মকর্তা মিঠু তালুকদার, ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমরান হোসেন ইমন এবং কেপিএমের চাকরিজীবী মো. আবুল হাসেম উপস্থিত ছিলেন।