Cvoice24.com

নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু 

রাঙামাটি প্রতিবেদক, সিভয়েস২৪
১২:২৮, ১১ আগস্ট ২০২৬
নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু 

তিন মাস ১৫ দিনের নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে আবারও শুরু হয়েছে মৎস্য আহরণ। সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে হ্রদে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা উঠে যায়।

এর আগে কাপ্তাই হ্রদের মৎস্যসম্পদের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি, মজুত ও ভারসাম্য রক্ষায় গত ২৫ এপ্রিল থেকে ৩১ জুলাই পর্যন্ত সব ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পরে নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হয়।

নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই সোমবার বিকেল থেকে জেলেরা জাল ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে হ্রদের বিভিন্ন এলাকায় মাছ ধরতে রওনা হন। 

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৬টা থেকে রাঙামাটি ফিশারিঘাটসহ বিভিন্ন মৎস্য অবতরণকেন্দ্রে জেলেদের নৌকা আসতে শুরু করে। মাছ ওঠায় আবারও সচল হয়েছে জেলার বরফকলগুলো।

সকাল থেকে সরকারি রয়্যালটি দিয়ে আহরণ করা মাছ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো শুরু করেছেন মৎস্য ব্যবসায়ীরা।

রাঙামাটি মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. কবির হোসেন বলেন, ‘তিন মাসের বেশি সময় পর কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু হওয়ায় তারা আনন্দিত। প্রথম দিনে চাপিলা ও কাঁচকি মাছ বেশি এসেছে। তবে মাছের আকার তুলনামূলক ছোট। আরও কয়েক দিন পর মাছের প্রকৃত অবস্থা বোঝা যাবে।’

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) রাঙামাটি ব্যবস্থাপক ফয়েজ আল করিম বলেন, ‘মঙ্গলবার সকাল থেকে অবতরণকেন্দ্রে মাছ আসতে শুরু করেছে। সেখান থেকে মাছ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে।’

তিনি বলেন, ‘মাছ ছোট—বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা চেয়েছিলাম আরও ১৫ দিন পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে। কিন্তু মৎস্য ব্যবসায়ীদের কারণে তা সম্ভব হয়নি।’