Cvoice24.com

মানসা পূজার আগে ফটিকছড়িতে ‘পাঁঠার বাজার’, লাখ টাকার দামে হিমশিম ক্রেতারা

ফটিকছড়ি প্রতিনিধি
১৬:২৮, ১৩ আগস্ট ২০২৬
মানসা পূজার আগে ফটিকছড়িতে ‘পাঁঠার বাজার’, লাখ টাকার দামে হিমশিম ক্রেতারা

ফটিকছড়িতে এখন যেন পাঁঠার ‘দাম-দর উৎসব’। মানসা পূজার আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে উপজেলার বিভিন্ন হাটবাজারে বেড়েছে পাঁঠার চাহিদা। ছোট থেকে বিশাল আকৃতির পাঁঠা নিয়ে বসেছেন বিক্রেতারা। আর ক্রেতারা এক বাজার থেকে আরেক বাজার ঘুরে পছন্দের পাঁঠা খুঁজছেন। তবে চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দামও—কোথাও ৩০ হাজার, কোথাও লাখ, আবার কোনো কোনো পাঁঠার দাম হাঁকা হচ্ছে দেড় লাখ টাকা পর্যন্ত।

আগামী ১৮ আগস্ট (১ ভাদ্র) মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীদের মানসা পূজা। এ পূজাকে কেন্দ্র করে চট্টগ্রামের ফটিকছড়ির বাগানবাজার, চিকনছড়া বাজার, নারায়ণহাট বাজার, বিবিরহাট, নাজিরহাট, নানুপুর, আজাদী বাজার, মোহাম্মদ তকিরহাট ও খিরাম দৌলতমুন্সিরহাটসহ বিভিন্ন বাজারে জমে উঠেছে পাঁঠা-ছাগলের বেচাকেনা।

সরেজমিনে দেখা গেছে, হাটে স্থানীয়ভাবে পালন করা ছাগলের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করে আনা পাঁঠাও উঠেছে। ব্যবসায়ীদের কেউ কেউ ভারত ও মিয়ানমার থেকে আসা ছাগলও বাজারে বিক্রি করছেন বলে জানান।

হাটে ঘুরে দেখা যায়, আকৃতি, জাত ও শারীরিক গঠনভেদে পাঁঠার দামে রয়েছে বড় ধরনের পার্থক্য। ৪-৫ হাজার টাকা দামের ছাগল যেমন আছে, তেমনি বড় ও আকর্ষণীয় পাঁঠার দাম হাঁকা হচ্ছে লাখ টাকার কাছাকাছি। নাজিরহাট বাজারে সবচেয়ে বেশি আলোচনায় বড় আকৃতির পাঁঠাগুলো। সেখানে ৩০ হাজার টাকা থেকে শুরু করে দেড় লাখ টাকা পর্যন্ত দাম চাওয়া হচ্ছে।

তবে চড়া দামে অনেকটা বিপাকে পড়েছেন ক্রেতারা। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের ক্রেতাদের পছন্দের পাঁঠা কিনতে গিয়ে বাজেটের সঙ্গে বারবার হিসাব মেলাতে হচ্ছে।

পাঁঠা কিনতে আসা রাজন বলেন, “বিক্রেতারা দাম অনেক বেশি চাচ্ছেন। বেশ কয়েকটি দেখেছি। আরও দুই-একটি দেখে তারপর কিনব।”

অন্যদিকে ব্যবসায়ী পাঁচ কড়ি নাথ বলেন, “বাজারে পাঁঠার দাম কেমন, তা দেখতে এসেছি। আগামী হাটে পাঁঠা কিনব।”

বিক্রেতাদের ভাষ্য, পূজাকে সামনে রেখে পাঁঠার চাহিদা বেড়েছে। তবে ক্রেতাদের সঙ্গে দর-কষাকষি করে তেমন সুবিধা করতে পারছেন না তারা। ক্রেতারা আবার বলছেন, চাহিদা বাড়ার সুযোগে বিক্রেতারা বেশি দাম হাঁকছেন।

পূজার দিন যত ঘনিয়ে আসছে, ফটিকছড়ির হাটবাজারে পাঁঠার বেচাকেনাও তত জমজমাট হচ্ছে। এখন দেখার বিষয়, শেষ মুহূর্তে চাহিদার চাপের সঙ্গে পাঁঠার দাম আরও বাড়ে, নাকি দর-কষাকষিতে কিছুটা স্বস্তি পান ক্রেতারা।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর