Cvoice24.com

বুইশ্যার আরও সাত সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

সিভয়েস২৪ প্রতিবেদক
১২:১০, ১২ আগস্ট ২০২৬
বুইশ্যার আরও সাত সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম বুইশ্যার আরও সাত সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে পশ্চিম ফরিদার পাড়া বালুরমাঠ ও সাংবাদিক কলোনি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মো. ইব্রাহিম ইদ্রিছ ওরফে ইদ্রিস (৩০), মো. আজম উদ্দিন (২১), মো. সাজ্জাদ হোসেন (২৬), মো. রাকিব (২২), মো. হারুন (৩১), মো. মোমিন হোসেন ওরফে বাচ্চু (৩৫) ও মো. রাসেল (২৮)।

পুলিশের দাবি, অভিযানের সময় তাদের কাছ থেকে একটি ২৭ ইঞ্চি লম্বা লোহার রামদা, স্টিলের পাইপ ও লোহার ফলা দিয়ে তৈরি একটি কুড়াল, একটি চাইনিজ কুড়াল এবং ১৬ ইঞ্চি লম্বা একটি ছুরি জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ইব্রাহিম ইদ্রিছের বিরুদ্ধে চান্দগাঁও ও পাঁচলাইশ থানায় অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে সর্বশেষ মামলা হয় গত বছরের ৭ ডিসেম্বর। অপর আসামি রাকিবের বিরুদ্ধেও একই দুই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় চান্দগাঁও থানায় নতুন মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

এর আগে রবিবার (৯ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে বুইশ্যার আরও দুই সহযোগী নাঈম ইসলাম সাকিব (২৬) ও রাহাতকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, নাঈম ইসলাম সাকিবের বিরুদ্ধে চান্দগাঁও থানায় দ্রুত বিচার আইন এবং দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় একাধিক মামলা রয়েছে। রাহাতের বিরুদ্ধেও ছিনতাইয়ের ঘটনায় দণ্ডবিধির ৩৯২ ধারায় একটি মামলা রয়েছে।
 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর