Cvoice24.com

সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে ‘তুলে নেওয়ায়’ সিপিবির প্রতিবাদ

সিভয়েস২৪ ডেস্ক
২০:১২, ১২ আগস্ট ২০২৬
সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে ‘তুলে নেওয়ায়’ সিপিবির প্রতিবাদ

সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে সাদা পোশাকধারীদের ‘তুলে নেওয়ার’ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা শাখা। একই সঙ্গে তাকে অবিলম্বে মুক্তি এবং এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে দলটি।

বুধবার (১২ আগস্ট) এক বিবৃতিতে সিপিবি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি কমরেড অধ্যাপক অশোক সাহা ও সাধারণ সম্পাদক কমরেড অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নাগরিকের নিরাপত্তা ও আইনি অধিকার নিশ্চিত করা প্রত্যাশিত। অথচ সাদা পোশাকে কাউকে তুলে নিয়ে যাওয়ার মতো ঘটনা জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি করে। কোনো নাগরিককে আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে আটক বা হেফাজতে নেওয়ার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

তারা বলেন, সৈকত রঞ্জন চৌধুরী ছাত্রজীবন থেকেই বিভিন্ন অনিয়ম, অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধে সক্রিয় ছিলেন। পরবর্তীতে সাংবাদিকতার সঙ্গে যুক্ত হয়ে তিনি একইভাবে মানুষের কথা তুলে ধরেছেন এবং অনিয়মের বিরুদ্ধে নিজের অবস্থান প্রকাশ করেছেন। তার এই ভূমিকার কারণে তাকে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন বা আটকের মাধ্যমে কণ্ঠরোধের কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না।

বিবৃতিতে তারা আরও বলেন, সাম্প্রতিক সময়েও নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। এ ধরনের পরিস্থিতিতে একজন সাংবাদিক ও নাগরিককে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ অত্যন্ত গুরুতর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে বিষয়টি স্পষ্ট করতে হবে এবং সৈকত রঞ্জন চৌধুরীকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে।

সিপিবির চট্টগ্রাম জেলা শাখার নেতারা বলেন, জনগণের নিরাপত্তা ও অধিকার রক্ষাই রাষ্ট্রের দায়িত্ব। জনগণকে ভয় দেখানো কিংবা নিপীড়নের পরিবর্তে রাষ্ট্রকে গণতান্ত্রিক ও মানবিক ভূমিকা পালন করতে হবে। অন্যথায় জনগণ ঐক্যবদ্ধভাবে এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

তারা অবিলম্বে সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর মুক্তি এবং তাকে তুলে নেওয়ার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

উল্লেখ্য, সৈকত রঞ্জন চৌধুরী সিপিবির রাঙামাটি জেলা শাখার সদস্য। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাঙামাটি জেলা সংসদের সাবেক সভাপতি এবং জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর