Cvoice24.com

মার্স্ক বিনতুলুতে ভাঙল চট্টগ্রাম বন্দরের রেকর্ড

২১:২০, ১২ আগস্ট ২০২৬
মার্স্ক বিনতুলুতে ভাঙল চট্টগ্রাম বন্দরের রেকর্ড

চট্টগ্রাম বন্দরে এক জাহাজে সর্বোচ্চ রপ্তানি কন্টেইনার জাহাজীকরণের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। জিসিবির ১১ নম্বর জেটি থেকে মার্স্ক লাইনের বিনতুলু জাহাজে ৯৩৩ বক্স বা ১ হাজার ৭৮৪ টিইইউএস রপ্তানি পণ্যবাহী লোড কন্টেইনার জাহাজীকরণ করা হয়েছে। এর মাধ্যমে বন্দরের আগের রেকর্ড ভেঙে নতুন মাইলফলক গড়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (১২ আগস্ট) জিসিবির ১১ নম্বর জেটি থেকে মার্স্ক বিনতুলু জাহাজে ৯৩৩ বক্স বা ১ হাজার ৭৮৪ টিইইউএস রপ্তানি পণ্যবাহী লোড কন্টেইনার জাহাজীকরণ করা হয়। এটি এ পর্যন্ত চট্টগ্রাম বন্দরে এক জাহাজে সর্বোচ্চ রপ্তানি কন্টেইনার জাহাজীকরণের রেকর্ড।

সচিব আরও জানান, একই জাহাজে ১৪৪ বক্স বা ১৪৭ টিইইউএস খালি কন্টেইনারও জাহাজীকরণ করা হয়েছে। ফলে মোট জাহাজীকরণের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৭৭ বক্স বা ১ হাজার ৯৩১ টিইইউএস।

তিনি বলেন, 'এর আগে গত ১৮ জুন ২০২৬ তারিখে এক জাহাজে সর্বোচ্চ রপ্তানি পণ্যবাহী লোড কন্টেইনার জাহাজীকরণের রেকর্ড ছিল ৭৪২ বক্স বা ১ হাজার ৪৩৯ টিইইউএস।'

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর