এক মাস পর বাড়ি ফিরলো উখিয়ার অপহৃত দুই মাদ্রাসাছাত্র
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের উখিয়ায় অপহরণের প্রায় এক মাস পর দুই মাদ্রাসাছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘ অপেক্ষার পর দুই সন্তানকে ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে পরিবারে।
মঙ্গলবার (১১ আগস্ট) রাতে উপজেলার থাইংখালী এলাকা থেকে তাদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
উদ্ধার হওয়া দুই ভাই হলো— থাইংখালী এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে শফিকুল (১৩) ও শহিদুল (১১)।
পুলিশ জানায়, গত ১০ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে থাইংখালীর নিজ বাড়ি থেকে দুই ভাই নিখোঁজ হয়। পরে তারা অপহৃত হয়েছে বলে জানতে পারে পরিবার। এরপর শিশু দুটিকে উদ্ধারে অনুসন্ধান ও অভিযান শুরু করে পুলিশ।
দীর্ঘ প্রায় এক মাসের প্রচেষ্টার পর মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে থাইংখালী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। পুলিশের দাবি, এ সময় কোনো মুক্তিপণ দেওয়া হয়নি। উদ্ধার শেষে দুই শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আজাদ বলেন, ‘অপহৃত দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। তাদের অপহরণের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, দুই শিক্ষার্থীকে কোনো মুক্তিপণ ছাড়াই উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কক্সবাজার সব খবর















