টেকনাফে ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেলের দুই আরোহীর
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের টেকনাফে ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন— উখিয়ার পালংখালী ইউনিয়নের পশ্চিম ফারিরবিল এলাকার ছগির আহমদের ছেলে মো. রুবেল (৩৫) এবং টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের গিলাতলী এলাকার আবুল কাসেমের ছেলে মোহাম্মদ আরমান চৌধুরী (২৮)।
নয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কেরুনতলী এলাকায় একটি ডাম্পার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক রুবেল গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মোটরসাইকেলের পেছনে থাকা আরমান চৌধুরীও গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের সহযোগিতায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নয়াপাড়া হাইওয়ে থানার ওসি নুরুল আবছার বলেন, ‘দুর্ঘটনার পর ডাম্পার ও মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহত দুজনের পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কক্সবাজার সব খবর















