পেকুয়ায় ৫০ বছর পর দেখা মিললো মেছোবাঘের!
পেকুয়া প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের দরগাহ মুড়া এলাকায় দীর্ঘ প্রায় ৫০ বছর পর বিলুপ্তপ্রায় বনবিড়াল বা মেছোবাঘের দেখা মিলেছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে প্রাণীটি বনবিড়াল, মেছোবাঘ নাকি অন্য কোনো বন্যপ্রাণী—তা এখনো নিশ্চিত করেনি বন বিভাগ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় ঘনবসতিপূর্ণ এলাকায় প্রাণীটিকে দেখা গেলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা হাবিব বলেন, খাবারের সন্ধানে পাহাড়ি বনাঞ্চল থেকে প্রাণীটি দরগাহ মুড়া কবরস্থানের পাশের লোকালয়ে চলে আসে। কয়েকজন বাসিন্দা প্রাণীটিকে দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে মানুষের উপস্থিতি টের পেয়ে প্রাণীটি দ্রুত পাশের পাহাড়ি বনের দিকে চলে যায়।
স্থানীয়দের দাবি, টৈটং এলাকায় কয়েক দশক ধরে এ ধরনের বন্যপ্রাণী দেখা যায়নি। প্রবীণদের মুখে পাহাড়ি এলাকায় বিভিন্ন হিংস্র প্রাণীর বিচরণের কথা শোনা গেলেও সাম্প্রতিক সময়ে এমন কোনো প্রাণী চোখে পড়েনি। তাদের ধারণা, এটি বিলুপ্তপ্রায় বনবিড়াল বা মেছোবাঘ হতে পারে। তবে কেউ কেউ প্রাণীটিকে চিতাবাঘ বলেও সন্দেহ করছেন। এ বিষয়ে বন বিভাগের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
এলাকাবাসীর দাবি, দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রাণীটির পরিচয় শনাক্ত করুক বন বিভাগ। একই সঙ্গে স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে টৈটং বনবিট কর্মকর্তা আব্দুল মোতালিব আল মুমিন বলেন, ‘বিষয়টি এখনও আমার জানা ছিল না। আমি খোঁজ নিয়ে দেখছি।’
কক্সবাজার সব খবর














