Cvoice24.com

টেকনাফে বনভোজনে ‘জয় বাংলা’ স্লোগানের অভিযোগ, উপস্থিত ছিলেন বিএনপি নেতা

কক্সবাজার প্রতিনিধি
২৩:১২, ২০ সেপ্টেম্বর ২০২৬
টেকনাফে বনভোজনে ‘জয় বাংলা’ স্লোগানের অভিযোগ, উপস্থিত ছিলেন বিএনপি নেতা

কক্সবাজারের টেকনাফে স্থানীয় বাসিন্দাদের আয়োজিত একটি বনভোজন শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। ওই বনভোজনে টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

শনিবার বিকেলে হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার ঝাউবাগানে এ বনভোজনের আয়োজন করেন হ্নীলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আজিম সোহেল। বনভোজন শেষে অংশগ্রহণকারীদের একটি অংশ গাড়ি নিয়ে মেরিন ড্রাইভ সড়কে উঠে ওই স্লোগান দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় বলে তাঁরা জানান।

তবে স্লোগান দেওয়ার সময় তিনি সেখানে ছিলেন না বলে দাবি করেছেন হাসান সিদ্দিকী। তিনি বলেন, ‘আমি আসার পর তারা অন্য জায়গায় সরে গিয়ে স্লোগান দিয়েছে। আমি তখন সেখানে ছিলাম না।’

বনভোজনে প্রধান অতিথি থাকার বিষয়টিও অস্বীকার করেন হাসান সিদ্দিকী। তিনি বলেন, ‘মূলত আমি প্রধান অতিথি ছিলাম না। হ্নীলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আজিম সোহেল আমাকে আমন্ত্রণ জানিয়ে সেখানে নিয়ে গেছেন। এটি তাঁর এলাকার পিকনিক।’

আয়োজক নুরুল আজিম সোহেল বলেন, ‘আমি ও হাসান ভাই চলে আসার পর হয়তো এক-দুইটি গাড়ির লোকজন এসব স্লোগান দিয়েছেন।’